যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে ইউসুফ আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আটক ইউসুফ আলী সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ মে রূপদিয়া বাজারের মা মেডিকেল হোমিও চেম্বারে গিয়ে ইউসুফ আলী নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। পরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চেম্বারের স্বত্বাধিকারী মাইনুল হাসানের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
মাইনুল হাসান জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি প্রথমে দুই ঘণ্টা সময় চান এবং পরে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। এ সময় এক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে বিষয়টি আলোচনা করলে তিনি জানতে পারেন, ইউসুফ আলী প্রকৃতপক্ষে ডিবি পুলিশের সদস্য নন। এরপর তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।
তার অভিযোগ, টাকা না পেয়ে অভিযুক্ত ব্যক্তি ০১৭১৬-৩৫২৬৫৭ নম্বর থেকে একাধিকবার ফোন করে হুমকি দেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৫) করেন।
মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি পুনরায় ওই চেম্বারে গেলে মাইনুল হাসান স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কবির ঘটনাস্থলে পৌঁছে ইউসুফ আলীকে হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





















