যশোর প্রতিনিধি: যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)-এর সদস্য সন্দেহে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি চাপাতি, তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, তাহসীনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি রাজধানীর ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, সিটিটিসির মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়েছে। আটকের সময় তাঁর ঘর তল্লাশি করে একটি চাপাতি, তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন নিজেকে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য বলে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তাহসীন জানিয়েছেন, যশোরে সংগঠনটির অন্য কোনো সদস্য নেই। এ ছাড়া পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, বর্তমানে যশোরে এ সংগঠনের কোনো সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।
পুলিশের তথ্যমতে, শাহ আমানত সাবির প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)-এর বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।
এর আগে, ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংগঠনটির কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ। সে সময় সিটিটিসি জানায়, গ্রুপটির নেটওয়ার্ক দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত। পুলিশের দাবি, তাদের সঙ্গে আফগানফেরত উগ্রপন্থীদের যোগাযোগ রয়েছে এবং তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আদলে বাংলাদেশে একটি উগ্রবাদী সংগঠন গঠনের চেষ্টা করছিল। তবে এসব অভিযোগের তদন্ত এখনও চলমান।




















