যশোর প্রতিনিধি: যশোর আদালত চত্বরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর পরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এক যুবক ও তরুণীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুহূর্তেই তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। বৃহস্পতিবার বিকেলে যশোরের পুরাতন পরিত্যক্ত জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় নয় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বিকেলে দুজন আদালত চত্বরে অবস্থানকালে কোনো একটি বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যুবক আগে থেকে সঙ্গে রাখা একটি পলিথিন থেকে সিঁদুর বের করে হঠাৎ করেই তরুণীর কপালে পরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনাটি দেখে উপস্থিত এক আইনজীবী বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে জানান। খবর পেয়ে কোর্ট ইন্সপেক্টর ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুজনকে আদালতের জিআরও কক্ষে নিয়ে যান। পরে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
জানা গেছে, তরুণীর বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায় এবং যুবকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নাড়িকেলবাড়িয়া গ্রামে।
কোর্ট ইন্সপেক্টর ইমদাদুল হক বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তাই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দুজনকে আদালতের জিআরও কক্ষে নেওয়া হয়। পরে তাদের কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, “দুজনকেই থানায় আনা হয়েছে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয়টি শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















