মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একের পর এক হামলা ও সংঘাতের ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা বাড়তে থাকায় দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে বাজারে তেলের দাম আরও বাড়ার চাপ তৈরি হয়েছে।
এদিকে, মে মাসের মাঝামাঝির পর এবারই প্রথম ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই আন্তর্জাতিক বেঞ্চমার্কের দাম টানা এক সপ্তাহ ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকার পথে রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উভয় বেঞ্চমার্কের দামই ৬ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলা আন্তর্জাতিক বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ এই সরবরাহ-ঝুঁকি।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স




















