বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মায়ের কোলে একটি শিশু যেমন নিরাপদ ও স্বস্তিতে থাকে, বাংলাদেশেও তেমনি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলাম কখনো অন্য ধর্মের অনুসারীদের ওপর নির্যাতন বা বৈষম্যকে সমর্থন করে না। অমুসলিমদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করাও ইসলামের অন্যতম বিধান। তবে একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সময়ে সময়ে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করে। এ ধরনের ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ক্ষমতার আকাঙ্ক্ষায় তারা বিভিন্ন সময়ে তাদের অবস্থান পরিবর্তন করেছে। তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে তারা রাস্তায় লংমার্চ করেছে। অথচ পরে সংসদে গিয়ে বলেছে, তেল-গ্যাস সংকট বর্তমান সরকারের সময়ে সৃষ্টি হয়নি, বরং আগের সরকারের আমলে এর সূত্রপাত।
তিনি বলেন, রাস্তায় লংমার্চ করে বিপুল পরিমাণ তেল-গ্যাস ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, যা দেশের জন্য ক্ষতিকর হয়েছে।
মুক্তিযুদ্ধে লাখো মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা। স্বাধীনতার ৫৫ বছর পরও সেই লক্ষ্য পূরণ হয়নি। এ কারণেই দেশে বারবার গণঅভ্যুত্থানের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পীরগঞ্জের সন্তান শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন। ওই আন্দোলনে অনেক মানুষ মা, স্ত্রী, স্বামী ও সন্তান হারিয়েছেন। গণঅভ্যুত্থানের পর নির্বাচন অনুষ্ঠিত হলেও শুধু সরকারের পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন রংপুর জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা (বাবু), জেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিয়াকত বিন সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ট্যাগ: #ইসলামীআন্দোলন #চরমোনাইপীর #সৈয়দমুহাম্মদরেজাউলকরীম #পীরগঞ্জ #রংপুর #সাম্প্রদায়িকসম্প্রীতি #বাংলাদেশ




















