যশোরের বিরামপুর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত চালক ফিরোজ আহমেদ বর্তমানে পলাতক থাকলেও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে ফিরোজকে দ্রুত আটক ও মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। একই সাথে তাকে গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় ভুক্তভোগী শিশুটি তার দুই ভাইয়ের সাথে ভাটাপাড়ার একটি ফাঁকা স্থানে খেলা করছিল। অভিযোগ অনুযায়ী, এসময় চালক ফিরোজ সেখানে উপস্থিত হয়ে কৌশলে শিশুটিকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ফিরোজ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ফিরোজ এলাকায় জনৈক বিএনপি নেতার আত্মীয় হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আসছিল। তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতেন না। এমনকি এই ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য বিভিন্ন মহল থেকে প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়। তবে কোতোয়ালি থানা পুলিশের দৃঢ় হস্তক্ষেপে সেই অশুভ তৎপরতা ব্যর্থ হয় এবং মামলাটি নথিভুক্ত হয়।ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। জবানবন্দি শেষে আদালত তাকে মায়ের জিম্মায় হস্তান্তরের নির্দেশ দেন। এদিকে পলাতক আসামিকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “অভিযুক্ত ফিরোজ বর্তমানে পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
অন্যদিকে, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী। সাধারণ মানুষের দাবি, ক্ষমতার ছায়াতলে থেকে যারা এমন জঘন্য অপরাধ করে, তাদের কোনো ছাড় দেওয়া চলবে না।
১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত ফিরোজকে আটকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, মানববন্ধনে ফুঁসে উঠেছে এলাকাবাসী
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- ৫৩৪
সর্বাধিক পঠিত





















