যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৭৪ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৫ জুন) দিনব্যাপী বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট, আইসিপি, বেনাপোল ও মাসিলা বিওপি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ৭৮ বোতল ভারতীয় উইনসেরেক্স (WINCEREX) কাশির সিরাপ, ১৫১টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল, ১০১ প্যাকেট ফুচকা, ১০ কেজি কিশমিশ, তিন কেজি জিরা, ৯৬টি ইনজেকশন, ১৩২টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ১৩ প্যাকেট সোনপাপড়ি, এক হাজার ১৯৫টি বিভিন্ন ব্র্যান্ডের চকলেট এবং এক হাজার ৫৯১টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে পৃথক অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্তকে নিরাপদ রাখতে এবং মাদক ও চোরাচালান চক্রের তৎপরতা দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি ও জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হবে।”
সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক এই অভিযানে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, সীমান্তপথে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।




















