যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় ব্যবসায়ী সোহাগ হায়দারের বাসভবনে গভীর রাতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে হঠাৎ কয়েক দফা গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ব্যবসায়ী সোহাগ হায়দারের বাড়ি লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায় এবং দেয়ালের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন দেখা যায়।
ঘটনার সময় বাসার ভেতরে অবস্থানরত পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। সোহাগ হায়দারের সহকারী হারুন রশিদ জানান, গুলির শব্দ শোনার পর সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে সকালে বাড়ির বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখতে পান তারা।
স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী সোহাগ হায়দার দীর্ঘদিন ধরে আমদানি-রপ্তানি ও ফলের ব্যবসার সঙ্গে জড়িত। বেনাপোলের চেকপোস্ট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক ক্রেতা ও যাত্রীদের সমাগম ঘটে।
তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে সচেতন মহল মনে করছে।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। পাশাপাশি ব্যবসায়ী সোহাগ হায়দার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















