যশোর শহরের বেজপাড়া মেইন রোডের বুনোপাড়া মোড়সংলগ্ন বারিধারা আবাসিক প্রকল্পের একটি বাসা থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, চুরির সময়ের একটি ভিডিও ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা গেছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, বেজপাড়া মেইন রোড, জোড়াকুঠি ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সর্বশেষ বারিধারা আবাসিক প্রকল্পের একটি বাসা থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
স্থানীয়দের দাবি, রাতের বেলায় অপরাধীদের চলাচল বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবনের অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন তারা।
এলাকাবাসী বলেন, চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড বন্ধে পুলিশের নজরদারি বাড়ানো জরুরি। একই সঙ্গে রাতে টহল জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন তারা।
তাদের প্রত্যাশা, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বেজপাড়া মেইন রোড, জোড়াকুঠি ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।




















