বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে পরিচালিত এই অভিযানে জেলেদের উদ্ধার করা হলেও দস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ৭ মার্চ মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে প্রবেশ করলে ‘নানাভাই বাহিনী’ নামে একটি বনদস্যু চক্র ৬ জেলেকে অপহরণ করে। পরে তাদের জিম্মি রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হচ্ছিল।
ঘটনার বিষয়ে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে কোস্টগার্ডের জরুরি নম্বরে অভিযোগ জানানো হলে গোয়েন্দা নজরদারি শুরু হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড।
অভিযানের সময় জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা জেলেদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— রফিকুল (৩০), আলামিন (২৬), ইসমাঈল শানা (২৪), রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)। তারা খুলনার কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















