তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম এবং তার শিশু সন্তান জামিন পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতের আদেশের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির খবর পেয়ে সকাল থেকেই কারাগার ফটকে তার সহকর্মী ও পরিচিতরা অপেক্ষা করেন। দুপুরে মুক্তি পেলে তারা তাকে স্বাগত জানান।
তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন,
“তিনি আমাদের এলাকার বড় বোন। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা নিয়ে আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”
কারাগার ফটকে শিল্পী বেগম বলেন,
“পুলিশ আমাকে ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, তবে কোনো পদে নেই। আমাকে মুক্তি দেওয়ায় আমি আইনের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানসহ কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
বর্তমানে জামিনে মুক্তির পর তিনি ও তার শিশু সন্তান কারাগার থেকে বেরিয়ে আসেন।





















