যশোর শহরের বেজপাড়া এলাকায় এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। নিহতের নাম সকিনা বেগম (৬০)। তিনি লাল চাঁদ খলিফার স্ত্রী এবং বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে ছেলে শহিদুল দোকানে যাওয়ার সময় তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে গেছেন।
রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন।
এরপর রাত প্রায় ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি বস্তার মধ্যে লাশ দেখতে পান শহিদুল। পরে তিনি ও তার বোন শাহিদা বেগম লাশটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।




















