যশোরের ঝিকরগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. কামারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ডোহর মাগুরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
আহত কামারুল ইসলাম ওই গ্রামের মৃত মোজাহের দফাদারের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তার আপন চাচাতো ভাই ইকরামুল (৪০) কামারুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় ধারালো কাঁচি দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত কামারুল ইসলামকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।





















