সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী ইব্রাহিম হোসেন (৪০) বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইব্রাহিম হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। সম্প্রতি গ্রামবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি জানাজানি হলে তিনি তার স্ত্রীকে আর ঘরে রাখতে অস্বীকৃতি জানান এবং বাড়ি থেকে চলে যেতে বলেন।
এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীর পরিবারের লোকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধরের পর মোবাইল ফোনের কভারের ভেতরে লুকানো একটি ধারালো চাকু দিয়ে মাথায় একাধিক আঘাত করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কলারোয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।





















