বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বটতলা গ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যার এক মাস পর প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যাকাণ্ড শেষে খোয়া যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আসামিরা:
গ্রেপ্তার হওয়া আসামিরা হলো জয়পুরহাটের কালাই উপজেলার মহির উদ্দিনের ছেলে মাহি ইসলাম (১৮), একই উপজেলার আব্দুল জলিলের ছেলে শাহিনুর রহমান জিসান (১৯) ও শহিদুল ইসলামের ছেলে সৈকত (২০)।
হত্যার কারণ ও যেভাবে ঘটনা ঘটে:
পুলিশ জানায়, নিহত ইমরানের মামাতো ভাই জিসান (২০) পূর্বপরিকল্পিতভাবে তার দুই বন্ধু মাহি ইসলাম ও সৈকতকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যায়। তাদের উদ্দেশ্য ছিল ইমরানের মোটরসাইকেল চুরি করে বিক্রি করে ঋণ শোধ ও মাদকের টাকা জোগাড় করা। চুরির সময় ইমরান বাধা দিলে প্রথমে তাকে এবং পরে তার মা রাণী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা। এরপর ঘর থেকে স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট করে পালিয়ে যায় অভিযুক্তরা।
পুলিশের তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া:
হত্যাকাণ্ডের পর পুলিশ তদন্ত শুরু করে। গত ১৫ অক্টোবর ঢাকার আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে মাহি ইসলামকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাহি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকা থেকে জিসান ও সৈকতকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার তিন আসামি আত্মগোপনে ছিলেন। তারা বিভিন্ন সময়ে মাজার এলাকায় এমনকি ছদ্মবেশে ওয়াইফাই সংযোগের লেবার হিসেবে কাজ করতেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, তিন অভিযুক্তই মাদকাসক্ত এবং বিভিন্নজনের কাছে ঋণগ্রস্ত ছিল। অর্থনৈতিক চাপ ও মাদকের আসক্তির কারণেই তারা এ অপরাধে জড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়নের বটতলা গ্রামে রাণী বেগম (৪০) এবং তার ছেলে ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করা হয়েছিল। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম:
বগুড়ার শিবগঞ্জে মা-ছেলে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- ৫৬৬
সর্বাধিক পঠিত



























