মিয়ানমারের সামরিক বাহিনী চাউং উ টাউনশিপে একটি উৎসব ও বিরোধী বিক্ষোভ অনুষ্ঠানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সংঘটিত এই হামলায়, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আয়োজক কমিটির সদস্যদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আরও প্রায় ৮০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শত শত মানুষ যখন থাদিংগ্যুত পূর্ণিমা উৎসব এবং এক বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছিল, ঠিক সেই সময়ে সামরিক বাহিনী আকাশ থেকে বোমা বর্ষণ করে। আয়োজক কমিটির এক নারী সদস্য জানান, “মানুষ যখন গান ও স্লোগানে মেতে উঠেছিল, ঠিক তখনই হঠাৎ আকাশে বিমান দেখা যায় এবং মুহূর্তেই বোমা বিস্ফোরণ শুরু হয়।”
তিনি আরও জানান, আয়োজক কমিটির পক্ষ থেকে দ্রুত আশ্রয় নিতে বলা হলেও প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়; বাকিদের অনেকেই নিহত বা আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরচালিত প্যারাগ্লাইডার সরাসরি জনসমাগমের ওপর দিয়ে উড়ে গিয়ে দুটি বোমা ফেলে। বিস্ফোরণে উৎসবস্থল তাৎক্ষণিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় আয়োজক সদস্যের বর্ণনায়, “শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা অসম্ভব।”
স্থানীয় সংবাদমাধ্যমগুলোও ৪০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। তবে এই ভয়াবহ হামলা সম্পর্কে জান্তা সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেয়নি।
উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার এক গৃহযুদ্ধে জর্জরিত। গণতন্ত্রপন্থি বিদ্রোহীরা বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মিলে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনী বর্তমানে বিদ্রোহীদের ঘাঁটি অবরুদ্ধ করে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলের চেষ্টা করছে।
সামরিক সরকার আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, যা জাতিসংঘের এক বিশেষজ্ঞের মতে ‘প্রহসন’। বিদ্রোহীরাও ঘোষণা দিয়েছে যে তারা এই নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মিয়ানমারে সহিংসতা আরও বাড়তে পারে।
১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
মিয়ানমারে উৎসব ও বিক্ষোভ অনুষ্ঠানে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলা: নিহত অন্তত ৪০, আহত ৮০
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- ৫৭৬
সর্বাধিক পঠিত


























