জামায়াতে ইসলামী পুলিশি নিরাপত্তা নিয়ে সরকার পতনের ‘দিবাস্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (৩০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? আর আজকে সংসদ অধিবেশন চলা অবস্থায় মব সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে জামায়াত! আর হুমকি দিয়ে আসছে পরবর্তীতে নাকি ভিতরে ঢুকে ২৪-এর মতো অবস্থা করবে!’
তিনি আরও লেখেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোন নেতা সংসদের ভিতরে ঢুকেছিল? আজকে যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেল, তাদের একজনও কি বিগত ১৬ বছরে সংসদের আশপাশে গিয়েছিল?’
রাশেদ খাঁনের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে জামায়াত মনে করছে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। এ কারণে তারা ‘পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন’ দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘পুলিশ প্রটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়-জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না।’
রাজনৈতিক সহকারী আরও বলেন, যারা বিরোধী দল পরিচালনা করতে পারে না, তারা রাষ্ট্রকে অশান্ত করতে পারলেও ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবে না।
রাশেদ খাঁনের এসব বক্তব্য নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




















