কুমিল্লার লাকসাম উপজেলার ৮ নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব মীর শহিদুল হকের বিরুদ্ধে সরকারি নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, রোববার (৩০ আগস্ট) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও সকাল ১১টা পর্যন্ত তাকে অফিসে পাওয়া যায়নি। এ সময় বিভিন্ন সরকারি সেবা ও প্রয়োজনীয় কাজে ইউনিয়ন পরিষদে আসা সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা।
সেবাপ্রত্যাশীরা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে জনগণকে সেবা দেওয়া দায়িত্বের অংশ। কিন্তু দায়িত্বশীল কর্মকর্তার অনুপস্থিতির কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
তাদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে ইউনিয়ন পরিষদে সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব মীর শহিদুল হকের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















