১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় যশোরের বেনাপোলের নারী মাদক ব্যবসায়ী পারভীনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পারভীনা যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মজিদ মোল্যার স্ত্রী। রায়ের সময় তিনি জামিনে মুক্ত থেকে পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পারভীনার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ পারভীনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় পারভীনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদালতের রায়ের সময় তিনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















