যশোরে দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করে জোরপূর্বক একটি ভবন দখল করে রাখার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক।
রবিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাড়ির মালিক নাজমুন নাহার জানান, তিনি যশোর সদর উপজেলার ৫নং উপশহর ইউনিয়নের ৮নং সেক্টরের ‘শিল্প এ/২২’ নম্বর বাড়ির বৈধ মালিক। ২০২৪ সালের ২৭ জুন আরাফাত নাজনীন (স্বামী: বি.এম মঞ্জুর মোর্শেদ খোকন) নামের এক ব্যক্তির সঙ্গে তার বাড়ি ভাড়ার চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী প্রথম ছয় মাস মাসিক ভাড়া ৬০ হাজার টাকা এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়।
অভিযোগ করা হয়, চুক্তি সম্পাদনের পর থেকে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ এবং তার পরবর্তী সময় পর্যন্ত ভাড়াটিয়া পক্ষ কোনো ভাড়া পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিক সালিশ ও অনুরোধ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে বাড়ির মালিক দুই দফা ভবনে তালা লাগালেও ভাড়াটিয়া পক্ষ তা ভেঙে পুনরায় ভবন দখল করে নেয়।
পরবর্তীতে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হলেও তাতেও কোনো সাড়া মেলেনি। ভুক্তভোগীর দাবি, গত বছরের ২৮ অক্টোবর ভাড়াটিয়া পক্ষ আপসের প্রস্তাব দিয়ে মাত্র ২৫ হাজার টাকা প্রদান করে এবং ৩০ নভেম্বরের মধ্যে ১ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।
এছাড়া ২০২৬ সালের ১ মার্চের মধ্যে ভবন খালি করার জন্য নোটিশ দেওয়া হলেও ভাড়াটিয়া পক্ষ ভবন ছাড়েনি। উল্টো মালিকপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একাধিকবার সমঝোতার চেষ্টা হলেও ভাড়াটিয়া পক্ষ অসহযোগিতা করে আসছে। সর্বশেষ গত ১১ এপ্রিল থানায় এক বৈঠকে তদন্ত কর্মকর্তা ২১ মাসের বকেয়া ভাড়া পরিশোধের নির্দেশ দিলেও ভাড়াটিয়া পক্ষ নির্ধারিত বৈঠকে উপস্থিত হয়নি।
সংবাদ সম্মেলনে নাজমুন নাহার বলেন, “ভাড়া চুক্তির সকল শর্ত ভঙ্গ করে জোরপূর্বক আমার ভবন দখল করে রাখা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।”
তিনি দ্রুত ভবন উদ্ধার এবং বকেয়া ভাড়া আদায়ের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্বামী খন্দকার আব্দুল মান্নান এবং দুই মেয়ে শামীমা আক্তার ও মৌসিনা জিতু।




















