আলমগীর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে প্রাণনাশের হুমকি এবং নিজ বাড়িতে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী সোহাগ হোসেন।
শনিবার (৬ জুন ২০২৬) বিকেল ৪টায় বেনাপোল চেকপোস্ট এলাকার নিজ বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সোহাগ হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী পক্ষ তার ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে আসছে। বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, গত শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বেনাপোল পৌরসভার বড়আচড়া এলাকায় তার ভাড়া বাসাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। একটি গুলি জানালার কাঁচ ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে এবং পরে দরজা ভেদ করে বাইরে চলে যায়। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
সোহাগ হোসেনের দাবি, পূর্বের একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে তার ওপর এ হামলা চালানো হয়ে থাকতে পারে। তিনি বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে হামলাকারীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের আহ্বান জানান তিনি।
ঘটনার পর বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সোহাগ হোসেন নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



















