বেনাপোল প্রতিনিধি: আলমগীর হোসেন
যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর পৌর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আকস্মিক মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তৎপর হয় বেনাপোল থানা পুলিশ। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কাগজপুকুর পৌর গেট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ করেই একটি মিছিল বের করেন। মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ছাত্রদল নেতা রেজা রহমান ভুট্টো ও তার সহযোগীরা মিছিলকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যায়।
পরবর্তীতে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বেনাপোল থানা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে শাওন হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, শাকিল শেখ এবং তরিকুল ইসলাম নামে পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই বেনাপোল থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।



















