ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের প্রকাশ্যে দেশীয় অস্ত্র (রামদা) হাতে মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আল সাদ নামে এক যুবকের বিরুদ্ধে। পুরো ঘটনাটি কলেজের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে
কলেজ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) আলফাডাঙ্গা পৌরসভার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। অভিযুক্ত আল সাদের স্ত্রী ওই পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
কলেজের অধ্যক্ষ এম এম মজিবুর রহমান মুজিব আজ (বৃহস্পতিবার) সকালে জানান, দুপুর ১২টার দিকে আল সাদ জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করতে চাইলে পিওন নাজমুল তাকে বাধা দেন। বাধা উপেক্ষা করে সে ভেতরে ঢোকার চেষ্টা করলে অধ্যক্ষ তাকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন।
অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, “কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় তাকে বের হওয়ার অনুরোধ করলে সে উত্তেজিত হয়ে ওঠে। আমাকে হাত উঁচু করে বলতে থাকে, ‘আমাকে চিনেন, আমি দেখে নেব, থানা পুলিশ দেখতেছি।’ পরিসংখ্যানের শিক্ষক সমীর কুমার বিশ্বাস বাধা দিতে গেলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।”
কেন্দ্র থেকে বের হওয়ার ২০ মিনিট পর আল সাদ তার সহযোগী সাদিকে (২৫) নিয়ে মোটরসাইকেলে করে ফিরে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পেছনের আসনে বসা আল সাদের হাতে একটি বড় আকারের রামদা, যা উঁচিয়ে সে দ্রুত কলেজের মূল ভবনের দিকে এগিয়ে যায়।
এই দৃশ্য দেখে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়ে সরে যান। অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে ইউএনও এবং ওসিকে ফোন করে বিষয়টি জানান। পুলিশ আসার আগেই অবশ্য অভিযুক্ত যুবকরা কলেজ থেকে চলে য়াই
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক আল সাদ আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং বর্তমানে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক। তার মামা মো. আমিরুল ইসলাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তার সহযোগী সাদি পৌরসভার শ্রীরামপুর এলাকার গফুর খাঁর ছেলে।
ঘটনার পর আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু কলেজে এসে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং দুঃখ প্রকাশ করেন। অধ্যক্ষের দাবি, স্থানীয় নেতাদের মাধ্যমে ওই যুবক মুচলেকাও দিয়েছে।
আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, “ঘটনাটি মিটমাট হয়ে গেছে।”
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজটিতে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, “এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
রামদা হাতে কলেজে মহড়া: অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- ৫৪৫
সর্বাধিক পঠিত





















