ঢাকা: আগামী বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে কমিশন।
সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি পাঠানো হয়েছে।
বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে সিইসি-এর জাতির উদ্দেশে ভাষণ প্রচারের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেন তা তাৎক্ষণিকভাবে রেকর্ড করে প্রচার করা যায়।
ইসি সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন, আগামী ১০ ডিসেম্বর সিইসি-এর ভাষণ রেকর্ডের সিদ্ধান্ত হয়েছে। এই দিন সিইসিসহ পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ইসি কর্মকর্তারা জানান, রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ভাষণটি রেকর্ডের পরপরই প্রচার করা হতে পারে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।




















