যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মো. জীবন তালুকদার (২২) নামে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আহতের স্বজনরা।
আহত জীবন তালুকদার নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি নওয়াপাড়া পৌরসভার গো-হাট এলাকার মিন্টু তালুকদারের ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মডেল স্কুলসংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত জীবনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন (৩৫) ওরফে ‘খুড়া জাকির’ নামে একজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তিনি মডেল স্কুলের সামনে রেলবস্তি/গুয়াখোলা এলাকার কামরুল হোসেনের ছেলে।
এ ছাড়া রবিউল গাজী (১৮) নামে আরও একজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি একই এলাকার ওয়াহিদ গাজীর ছেলে।
আহত পক্ষের অভিযোগ, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সবুরের বড় বোন ফুলজান বিবি, বাহাদুর, মজিদসহ আরও কয়েকজন মাদক কারবারি এ হামলায় জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।





















