যশোরের বিরামপুর কালীতলা গ্রামে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন ছেলে। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ইউনুস (৩০) ইলিয়াস হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
ইউনুস জানান, দাম্পত্য কলহকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। তিনি অভিযোগ করেন, তার বাবা-মা তাকে স্ত্রীর কাছ থেকে আলাদা করার জন্য স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। এমনকি মা ও নানী নিয়মিত ‘তাবিজ-কবজ’ করতেন যাতে তাদের সম্পর্ক ছিন্ন হয়। ইউনুস আরও দাবি করেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরও তিনি মায়ের কাছ থেকে ৬১টি তাবিজ পেয়েছেন! হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রকাশ্যে মা-বাবার বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলে ধরেন।
অন্যদিকে, ইউনুসের মা তার ছেলের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইউনুসের স্ত্রী ‘বেপথে চলাফেরা’ করতেন এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে ‘অশালীন আচরণ’ করতেন। তিনি আরও দাবি করেন, পুত্রবধূ পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে এবং পারিবারিক বিবাদ চরমে ওঠে। মায়ের ভাষ্যমতে, সম্প্রতি পরিবারের ভেতরে থাকা একটি নূপুর চুরির ঘটনা নিয়ে তর্কের সৃষ্টি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই উত্তেজনার এক পর্যায়ে ইউনুসের বাবা ইলিয়াস লাঠি হাতে ছেলের মাথায় আঘাত করেন, যার ফলে তার মাথা ফেটে যায়।
স্থানীয়রা জানান, এই পরিবারে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং পারিবারিক উত্তেজনা বিদ্যমান ছিল। শুক্রবারের এই ঘটনা সেই দীর্ঘদিনের বিরোধের চরম বহিঃপ্রকাশ।
বর্তমানে ইউনুস যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারটির দুই পক্ষই একে অপরকে দোষারোপ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
পুলিশের তদন্ত শুরু
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কাজী বাবুল জানিয়েছেন, ঘটনাটি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে বাবার লাঠির আঘাতে ছেলের মাথা ফাটল!
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৫৪২
সর্বাধিক পঠিত




















