যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ফরিদা নামে এক মধ্যবয়সী নারীকে আটক করেছেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিহি গ্রামের জিয়া ডাক্তার নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ওই বাড়িতে গরু চুরির চেষ্টা করার সময় ফরিদাকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক নারীকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, ফরিদার বাড়ি ফরিদপুর জেলায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




















