শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। রাজধানীসহ সারাদেশে এবার প্রায় ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ঢাকা মহানগরীতে পূজা হবে ২৫৯টি মণ্ডপে। গত বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি।
পঞ্জিকা অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী, এরপর সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজা শেষে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
এ বছর দেবীর আগমন হবে ঘোড়ায়। প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যায় দেবীর আগমন ও গমনের বাহনকে ঘিরে প্রকৃতি ও জনজীবন সম্পর্কে নানা প্রতীকী ব্যাখ্যা রয়েছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মণ্ডপ, প্যান্ডেল, তোরণ ও প্রতিমা তৈরির কাজ চলছে। তবে কয়েকটি এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় পূজা আয়োজকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। রাজধানীতে হবে ২৫৯টি পূজা। কোথাও কোথাও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকি মূল্যায়ন করে নিরাপত্তার ধরন নির্ধারণে ৬ অক্টোবর সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিমা নির্মাণ ও মণ্ডপ সাজানোর কাজ চলছে। বিশেষ করে পুরান ঢাকায় পূজার আয়োজন বেশি।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির, আজিমপুর সরকারি কলোনি, ঋষিপাড়া দুর্গা মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার ও লক্ষ্মীবাজার এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। পাশাপাশি স্বামীবাগের লোকনাথ মন্দির, রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন চলছে।
এবার দুর্গাপূজাকে ঘিরে সরকারি ছুটিও থাকছে টানা পাঁচ দিন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি থাকবে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
সব মিলিয়ে দুর্গোৎসবকে ঘিরে সারাদেশে এখন উৎসবের আমেজ। আয়োজকদের প্রত্যাশা, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সম্প্রীতি ও আনন্দের পরিবেশে এবারও দুর্গাপূজা উদ্যাপিত হবে।





















