যশোর জেলা বিএনপির কার্যালয়ে চালু করা হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুসরণ করে প্রথমবারের মতো দেশের কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে তিনি মনে করেন। অন্য কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের ব্যবস্থা চালু হয়েছে কি না, তা তার জানা নেই। যশোর জেলা বিএনপির এ উদ্যোগ অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলও নিজেদের কার্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে ভবনের ছাদে আরও একটি প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, যা প্রায় তিন ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এ ছাড়া প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সৌরবিদ্যুৎ খাতে বিভিন্ন নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
যশোরসহ দক্ষিণাঞ্চলের সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান অনিন্দ্য ইসলাম অমিত। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, কার্যালয়ের বিদ্যুতের চাহিদা মেটাতে এ প্যানেল যথেষ্ট। নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটির ব্যয় আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




















