যশোরে পাঁচ মামলার আসামি হিসেবে পরিচিত আরাফাত হোসেন ফিরোজ ওরফে ‘গোল্ডেন ফিরোজ’কে (২৫) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার গভীর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, গোল্ডেন ফিরোজ ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় তাঁর বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সোমবার দিবাগত রাতে ফকিরহাট থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক আরাফাত হোসেন ফিরোজ যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকার আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যশোর ক্যাম্পের একটি দল শহরের শংকরপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ককটেলসদৃশ আটটি বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে এসআরবি।
মামলাটির তদন্ত করছেন কোতোয়ালি থানার এসআই মো. আলমগীর হোসেন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গোল্ডেন ফিরোজকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের সূত্রমতে, গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।




















