যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার টেংরা গ্রামের মাকড়ার বিল এলাকার চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শার্শার রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে মো. কামরুল হাসান (৪১) এবং লাউতাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে মো. মিলন হোসেন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল টেংরা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে কামরুল হাসানের হেফাজত থেকে জব্দতালিকার মাধ্যমে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ইয়াবা রাখার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পরস্পর যোগসাজশে ইয়াবা নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, “শার্শাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান আরও কঠোর করা হবে। মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ কিংবা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর এবং অভিযান নিয়মিত চলবে।”
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।





















