মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে বাংলাদেশ ও পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চলে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূকম্পন সংঘটিত হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এসব কম্পন অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্রের (EMSC) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফসহ আশপাশের এলাকায় এর কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া যায়।
এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এ কম্পনও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদুভাবে অনুভূত হয়েছে।
অল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে এসব কম্পনে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।





















