বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুরে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। শুক্রবার (২ অক্টোবর) গণসংযোগকালে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা গাজীপুর ও নামাজগ্রামের মধ্যবর্তী হাকরটি দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়া এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, বর্ষা ও বৃষ্টির সময় হাকরে পানি চলাচল ব্যাহত হওয়ায় এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ বাড়ে। এ কারণে হাকরটি দ্রুত পরিষ্কার করে স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান তারা।
স্থানীয়দের অভিযোগ ও দাবির কথা মনোযোগ দিয়ে শুনে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা করা প্রয়োজন। জনগণের সঙ্গে সরাসরি কথা বলার অন্যতম উদ্দেশ্য হলো তাদের বাস্তব সমস্যাগুলো জানা এবং সমাধানের উদ্যোগ নেওয়া।
তিনি বলেন, গাজীপুর ও নামাজগ্রামের মধ্যবর্তী হাকরটি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। বেনাপোল পৌরসভার বর্তমান প্রশাসকের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে।
ইমদাদুল হক ইমদাদ আরও বলেন, এলাকার উন্নয়ন শুধু রাস্তা বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধার বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগে স্থানীয় বাসিন্দারা বলেন, মানুষের কাছ থেকে সরাসরি এলাকার সমস্যার কথা শুনে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়টি তারা ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে হাকরটি পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা অনেকটাই কমবে বলে তারা আশা করেন।
দ্বিতীয় দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শোনা এবং এলাকার উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন, হোসেন আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও গাজীপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





















