যশোরের অভয়নগর থেকে ১২ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণ করে যশোরে এনে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক সাজ্জাদ হোসেনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃত সাজ্জাদ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থীর নানীর দাবি অনুযায়ী, অভয়নগরের নওয়াপাড়া পাঁচকবর এলাকায় তাঁর একটি ভাতের হোটেল রয়েছে। ওই হোটেলে মাঝেমধ্যেই খাওয়া-দাওয়া করতেন ট্রাকচালক সাজ্জাদ হোসেন। গত ২১ সেপ্টেম্বর বিকেলে সাজ্জাদ কৌশলে তাঁর ১২ বছর বয়সী নাতনিকে অপহরণ করে নিয়ে যান। পরবর্তীতে অপহৃত শিক্ষার্থীকে যশোর সদর উপজেলার মোমিননগর নওদা গ্রামে সাজ্জাদের সহযোগী আক্তারুজ্জামানের বাড়িতে রাখা হয় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।
শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে প্রথম অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ যশোর থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে এবং এতে সহযোগিতার অভিযোগে আক্তারুজ্জামানকে আটক করে।
পরবর্তীতে ভুক্তভোগীর নানী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত সাজ্জাদ পলাতক থাকলেও অবশেষে তাকে পুলিশ আটক করতে সক্ষম হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।





















