ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় দৌলতখান দক্ষিণ বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর রাত ৯টা পর্যন্ত দৌলতখান বাজারে বিক্ষোভ চলতে দেখা যায়। এ সময় দলীয় কার্যালয়ের সামনে যুবদল নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর থেকে দৌলতখান উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়।
আলমগীর হোসেনের সমর্থকদের দাবি, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপনের সমর্থকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাঁদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আলমগীর হোসেনের সমর্থকদের অভিযোগের বিষয়ে ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপনের বক্তব্য জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
গোলাম কবির স্বপন বলেন, “আমার সমর্থকদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”
অন্যদিকে পৌর যুবদলের আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
দৌলতখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার বলেন, দলীয় সিদ্ধান্ত ও হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ফরম বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে দলীয় নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।
সংঘর্ষের পর দৌলতখান বাজার ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিবেশ এড়াতে দৌলতখান বাজার ও দলীয় কার্যালয় চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দলীয় মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দলীয় কার্যালয় ও বাজার এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।
সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।





















