বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ধ্বংসের পথে যুবসমাজ
রাজশাহী: রাজশাহী মহানগরীসহ জেলার বিভিন্ন পাড়া-মহল্লার মুদি দোকানে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ট্যাবলেট ও পানীয়। শুধু তাই নয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিকসহ নানা ধরনের ওষুধ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। প্রশাসনের নজরদারির অভাবে এই অবৈধ ব্যবসা দিন দিন বেড়েই চলেছে।
ছড়িয়ে পড়েছে মাদকের মতো:
“ডাবল হর্স,” “হর্স পাওয়ার,” “ম্যান পাওয়ার,” “পাওয়ার ম্যান,” “তৃপ্তি পাওয়ার” ও “নাইট পাওয়ার”-এর মতো বিভিন্ন নামের যৌন উত্তেজক পানীয় এবং “ইন্টাগ্রা,” “সেনেগ্রা,” “টেনেগ্রা,” “ফরজেস্ট,” “টার্গেট” ও “ইডেগ্রা” -এর মতো ট্যাবলেট স্থানীয় দোকানগুলোতে সহজলভ্য। এর পাশাপাশি, নাপা, ওমিপ্রাজল, এন্টাসিড ও স্যালাইনের মতো সাধারণ ওষুধও মুদি দোকানে বিক্রি হচ্ছে। ক্রেতারা এসব ওষুধের মেয়াদ না দেখেই বা চিকিৎসকের পরামর্শ ছাড়া কিনছেন, যা তাদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে।
প্রশাসনের নীরবতায় ক্ষোভ:
স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, প্রকাশ্যে এসব ওষুধ বিক্রি হলেও প্রশাসন বা ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাদের মতে, প্রশাসনের এই নীরবতার সুযোগ নিয়ে যৌন উত্তেজক ওষুধের সহজলভ্যতা যৌন অপরাধপ্রবণতা বাড়াচ্ছে এবং যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
বিক্রেতাদের বক্তব্য:
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্রেতা জানান, তারা মূলত “পেট বাঁচানোর” জন্য এসব ওষুধ বিক্রি করেন। তাদের দাবি, “মানুষ উপকার পায় বলেই এই ধরণের ওষুধ বেশি চলে।” অনেক বিক্রেতা জানান, তারা জানেন যে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করা অবৈধ। কিন্তু চাহিদা থাকায় এবং দীর্ঘকাল ধরে এই প্রথা চলে আসায় তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা:
চিকিৎসকরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ সেবন করলে কিডনি, লিভার ও যৌন বিকলতাসহ নানা মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তারা যুবসমাজকে এই ধরনের ওষুধ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
আইন অনুযায়ী পদক্ষেপের আশ্বাস:
এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডাঃ এস,আই,এম রাজিউল করিম জানান, মুদি দোকানে ওষুধ বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। এটি শাস্তিযোগ্য অপরাধ। ওষুধ প্রশাসন বিভাগের রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম বলেন, ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করা আইনত দণ্ডনীয়। জনবল স্বল্পতা ও সুনির্দিষ্ট তথ্যের অভাবে অভিযান চালানো কঠিন। তবে তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল আশা করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেবে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।
০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
রাজশাহীতে পাড়া-মহল্লার দোকানে অবাধে যৌন উত্তেজক ওষুধ বিক্রি:
রাজশাহীতে পাড়া-মহল্লার দোকানে অবাধে যৌন উত্তেজক ওষুধ বিক্রি:
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- ৬৩৮
সর্বাধিক পঠিত



























