গত আগস্ট মাসে দেশে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ২৫২ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য সংকলন করা হয়েছে।
মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী আগস্ট মাসের নির্যাতনের চিত্র:
মোট ভুক্তভোগী: ২৫২ জন (যার মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী)।
হত্যাকাণ্ড: ৫৫ জন (১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী)।
ধর্ষণ: ৫৪ জন (৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী)। এর মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ১ জন কন্যাশিশুসহ দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ১১ জন কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন সহিংসতা: ২৪ জন কন্যাশিশুসহ মোট ৩০ জন (১২ জন কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের এবং ৮ জন কন্যাশিশুসহ ৯ জন উত্ত্যক্তকরণের শিকার)।
সাইবার সহিংসতা: চার কন্যাশিশুসহ মোট সাতজন।
এছাড়াও আগস্ট মাসে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ হওয়া, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অপহরণের মতো বিভিন্ন অপরাধমূলক ঘটনার শিকার হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




















