যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামাল হোসেনের একাধিক বিয়ে ছিল এবং তাদের ঘরে মোট সাতজন সন্তান রয়েছে। এর মধ্যে তার আগের দুই স্ত্রীর সঙ্গে পূর্বে বিচ্ছেদ ঘটে। সর্বশেষ তৃতীয় স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে নিজের বাবার বাড়িতে চলে যান।
প্রাথমিক তথ্যে জানা গেছে, তৃতীয় স্ত্রীর ঘরের দুই শিশু সন্তান—সাবির (৫) ও জাবিরকে (প্রায় আড়াই বছর)—গলায় ফাঁস দিয়ে হত্যা করেন কামাল হোসেন। এরপর তিনি নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে। পারিবারিক বিরোধ বা অন্য কোনো কারণে এই ট্র্যাজেডি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা পুলিশের তদন্ত শেষে নিশ্চিত করা সম্ভব হবে।




















