যশোরের কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটের দিকে কেশবপুর পৌরসভার গাজীর মোড় থেকে হাসপাতাল রোডের ‘আমিন অপটিক্যাল’ দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোকলেচুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ‘আমিন অপটিক্যাল’ দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের ভেতর শাহিনকে তল্লাশি করে তার কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মো. শাহিন গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী গ্রামের মো. আজগর আলীর ছেলে। তিনি বর্তমানে কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের জুয়েল রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
কেশবপুর থানা সূত্রে জানা গেছে, আটক শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।





















