ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে একই জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের এক উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
সোমবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত কক্ষে বসে কিছু টাকা গুনে পকেটে রাখছেন। এরপর নিজের চেয়ারে গিয়ে বসে টাকা প্রদানকারী ব্যক্তিকে এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিতে শোনা যায়।
ভিডিওতে টাকা প্রদানকারীকে বলতে শোনা যায়, “টাকাগুলো গোনা দেন।” জবাবে ওই কর্মকর্তা বলেন, “কম দেওয়ার বিষয় না। কাজ হলো আপনার, টাকাও আপনার; আমার কী!” পরে তিনি আরও বলেন, “চেষ্টা করব আরও আগে করে দেওয়ার, কিন্তু টাইম (সময়) এক মাস।”
তবে ভিডিও দেখে কত টাকা লেনদেন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “ভিডিওটি এডিট করা।” তবে কীভাবে ভিডিওটি সম্পাদনা করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। তিনি আরও দাবি করেন, “সব মিথ্যা কথা। এ ধরনের কোনো কার্যক্রম আমার অফিসে হয় না।”
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য অভিযোগ করে বলেন, “উনি আমাদের মেম্বারদেরও ছাড় দেন না, প্রচুর টাকা খান। আমার ব্যক্তিগত একটি কাজে ১০ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু খাতায় লিখেছিলেন ৬ হাজার ৬০০ টাকা। পরে এক হাজার টাকা ফেরতও দিয়েছিলেন।”
যদিও এই অভিযোগগুলোর স্বাধীন সত্যতা RARNEWS Bangla যাচাই করতে পারেনি।
বিষয়টি নিয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “আমি সবাইকে চিনি না। তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।




















