বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি হলেন শার্শা থানার রুদ্রপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক ৭টার দিকে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেলসহ শহিদুল ইসলামকে আটক করা হয়।
বিজিবির অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।





















