যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) ভোরে অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপ জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও যে কোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।





















