যশোরের হামিদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এই বিশেষ চেম্বারগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে না আসে।
এ ঘটনায় গাড়িতে থাকা চালক ও অপর এক আরোহীকে আটক করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত টয়োটা এক্স করোলা প্রাইভেটকারটি এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




















