মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ও শোক প্রকাশ দেখে তিনি বিস্মিত হয়েছেন। তাঁর ভাষ্য, তিনি ধারণা করেছিলেন যে সাধারণ মানুষের মধ্যে খামেনির জনপ্রিয়তা কম ছিল, কিন্তু জানাজায় লাখো মানুষের উপস্থিতি সেই ধারণার সঙ্গে মিলছে না।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।” তিনি আরও দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, জানাজা চলাকালে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা থেকে বিরত থাকবে। তাঁর এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। কালো পোশাক পরিহিত শোকাহত জনতা জানাজায় অংশ নিয়ে শোক প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিশোধের আহ্বান জানান।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরানজুড়ে কয়েকদিনব্যাপী শোকানুষ্ঠান ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। দেশটির বিভিন্ন শহর ছাড়াও প্রতিবেশী ইরাকের গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় কেন্দ্রগুলোতেও শোক কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বিপুল জনসমাগম ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের প্রতি জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।




















