নিজস্ব প্রতিবেদক, যশোর: জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে আয়োজিত সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির গোলাম রসুল, জামায়াতের যশোর জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকি, এনসিপি যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান, জামায়াত নেতা অধ্যাপক শামসুজ্জামান, গোলাম কুদ্দুস, মনিরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জন্য বহু মানুষ জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায়। তবে বর্তমান সময়ে দেশে মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা বলেন, এসব সমস্যা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধানমন্ত্রীর কাছে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা, শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে এনে বিচারের আওতায় আনা এবং সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা।
সমাবেশ শেষে একটি গণমিছিল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকা থেকে শুরু হয়ে যশোর সিভিল কোর্ট হয়ে মনিহার চত্বর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।




















