“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ স্মারক ডাকসামগ্রী উদ্বোধন করেন।
এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়। ডাক বিভাগ জানায়, এসব স্মারক প্রকাশের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের গুরুত্ব তুলে ধরা এবং দেশের গ্রামীণ উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে সংশ্লিষ্টদের অবদানের প্রতি সম্মান জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতি বছর ৬ জুলাই পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এ উদ্যোগের মাধ্যমে দেশের পল্লী উন্নয়ন কার্যক্রম, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং টেকসই উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, স্মারক ডাক টিকেট প্রকাশ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি দেশের উন্নয়ন অভিযাত্রায় পল্লী সমাজের অবদানকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় উন্নয়নের ইতিহাস সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।




















