বেনাপোল প্রতিনিধি: দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল প্রেসক্লাব কার্যালয়ে এনটিভির বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বেনাপোল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেনাপোল স্থলবন্দরের (ট্রাফিক) পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। এছাড়াও বক্তব্য দেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
পরে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের (ট্রাফিক) পরিচালক শামীম হোসেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, যশোর জেলা ৪৯ বিজিবির কমান্ডার মো. রবিউল ইসলাম, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন এবং বেনাপোলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এনটিভি শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি একই ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে এনটিভি আরও সমৃদ্ধ ও দীর্ঘজীবী প্রতিষ্ঠান হিসেবে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।




















