ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এক গৃহবধূর সঙ্গে তার ভাতিজার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গৃহবধূ নগদ তিন লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে ভাতিজার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গোবরাপাড়া গ্রামের সানজেদুর রহমান (ছল্টু) জোয়ার্দারের স্ত্রী রুমানা ইসলামের সঙ্গে তার আপন ভাসুরের ছেলে হাসান আলীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ ও অশান্তি চলছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ঈদুল ফিতরের সময়ও রুমানা ইসলাম ও হাসান আলী একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হলে রুমানা ইসলাম পুনরায় সংসারে ফিরে আসেন।
তবে পরিবারের দাবি, গত ৯ জুন রাতে রুমানা ইসলাম ও হাসান আলী আবারও একসঙ্গে বাড়ি থেকে চলে যান। এরপর আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সানজেদুর রহমান হরিণাকুণ্ডু থানা-এ একটি সাধারণ ডায়েরি করেন।
সানজেদুর রহমান জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, হাসান আলী তার আপন বড় ভাইয়ের ছেলে এবং রুমানাকে মা বলে সম্বোধন করতেন। তিনি বাড়ির বাইরে থাকার সুযোগে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, বাড়ি ছাড়ার সময় রুমানা ইসলাম নগদ তিন লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন। এ ঘটনায় তিনি আইনগত প্রতিকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গোবরাপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।
এদিকে অভিযোগের বিষয়ে রুমানা ইসলাম ও হাসান আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের দাবি, তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বর্তমানে বন্ধ রয়েছে।
এ বিষয়ে অসিত কুমার রায় বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















