নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমন ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।
শুক্রবার দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (ইন্সপেক্টর) মমিনুল হক জানান, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোমবাতি ও হেরিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে এবং দেশবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। মিছিলটি এলাকায় আতঙ্ক ও জনমনে উদ্বেগের সৃষ্টি করে।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত চলাকালে ইমন ওরফে ভাগ্নে ইমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘ভাগ্নে ইমন’ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও অন্যান্য অপরাধসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যে ইমনের গ্রেপ্তারকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, যশোর শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তাদের অভিযান আরও জোরদার করা হবে।




















