জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার সন্ধ্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর সীমান্ত এলাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বাংলাদেশি সীমান্তবাসীদের প্রতিরোধের মুখে ভারতীয় নাগরিকরা পিছু হটে চলে যায়।
এদিকে, ঘটনাটির প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের দুই পাশ থেকে দুই দেশের কিছু নাগরিক একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সময় সীমান্ত দিয়ে লোকজনকে পুশইনের চেষ্টা করছে, যা সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি করছে। তাদের দাবি, বুধবার বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে ঢিল ছুড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয়রা জানান, বাংলাদেশি সীমান্তবাসীদের প্রতিরোধের মুখে ভারতীয়রা শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হয়।
তবে এ ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।




















